এক কিংবদন্তির গল্প
শুনো, এক জীবন্ত কিংবদন্তির গল্প বলি। নাম তাঁর মুসআব। বাবার নাম উমাইর। মাতা খুনাস বিনতু মালিক। মক্কার এক অভিজাত পরিবারে যার জন্ম। বাবা একজন বিত্তশালী। বড় ব্যবসায়ী। মক্কায় তার বিশাল ব্যবসা। পিতামাতার পরম আদরের সন্তান মুসআব। নয়নের মণি। ছোটবেলা থেকেই একেবারে নন্দগোপালের মতো করে বেড়ে উঠেছেন। দুঃখ-ক্লেশ, দারিদ্রতা, না পাওয়ার বেদনা, তাকে স্পর্শ করেনি কভু। বিত্তশালী বাবার আদরের সন্তান বলে—যা চেয়েছেন, পেয়েছেন তার ঢের বেশি। মুসআবের বাবা তাঁর জন্যে এমন পোশাকের অর্ডার দিতেন, যা মক্কার মধ্যে অপ্রতুল ছিলো। নামিদামি ব্র্যান্ডের আতর ব্যবহার করতেন তিনি। এমন আতর ব্যবহার করতেন যে, তিনি কোনো পথ দিয়ে গেলে—মানুষজন তা আন্দাজ করতে পারতো। মানুষ বুঝতো, এই আতর মুসআব ছাড়া অন্য কারও নয়। তাঁর চালচলন, পোশাক-পরিচ্ছদ, কথা-বার্তায়, আভিজাত্যের ছাপ ছিলো। যদিও তিনি ছিলেন যুবক, তবুও মক্কার বড়োবড়ো নেতাদের সমাবেশে—তাঁর স্থান হতো। কুরাইশদের এই আদরের দুলাল, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ন কাজেও নিজের মতামত তুলে ধরতেন। মেধা, প্রজ্ঞা, অভিজাত ব্যক্তিত্বের কারণে—কুরাইশদের প্রিয়পাত্র হয়ে উঠেছিলেন তিনি। অসাধারণ বাগ্মিতা ছিলো তাঁর। ব্যক...